বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনৈতিক ছত্রছায়ায় ‘অবৈধ হাট সাম্রাজ্য’: লাটুয়ার বাজারে প্রতিদিন লাখ টাকার বাণিজ্য

কুমিল্লার বুড়িচং উপজেলার লাটুয়ার বাজার এখন যেন এক অবৈধ অর্থনীতির কেন্দ্র। সরকারি অনুমোদন ছাড়াই একটি প্রভাবশালী গোষ্ঠী এখানে নিয়মিত পশুর হাট বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।

অনুসন্ধানে জানা গেছে, বাজারটির কৌশলগত অবস্থানের কারণে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে প্রতি হাটে বিপুলসংখ্যক গরু ও ছাগল নিয়ে ব্যবসায়ীরা এখানে ভিড় জমাচ্ছেন।

কিন্তু বিস্ময়কর বিষয় হলো—এই বিশাল বাণিজ্যিক কার্যক্রমের পেছনে নেই কোনো বৈধতা। নেই সরকারি দরপত্র, নেই রাজস্ব আদায়ের স্বচ্ছতা। বরং একটি গোষ্ঠী নিজেদের নিয়মে খাজনা আদায় করছে।

সরেজমিনে দেখা যায়, হাটে আগত পশুর সংখ্যা যত বেশি, তত বেশি বাড়ছে অবৈধ আয়ের পরিমাণ। হিসাব অনুযায়ী, প্রতি হাটেই কয়েক লাখ টাকা আদায় হচ্ছে।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রশাসনের কিছু অংশের নীরব ভূমিকা বা প্রভাবশালীদের ছত্রছায়া ছাড়া এত বড় অবৈধ কার্যক্রম চালানো সম্ভব নয়।

ভূমি অফিস থেকে একাধিকবার নিষেধাজ্ঞা দেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে।

ইউএনও তানভীর হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী বলছেন—এই বাজারকে নিয়মের আওতায় এনে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পরিচালনা নিশ্চিত করা না হলে সরকারের বড় ধরনের আর্থিক ক্ষতি চলতেই থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন