ঈদে ঘরেফেরা মানুষের চাপে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৫৬ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে পৌনে ৪ কোটি টাকা। এদিকে যমুনা সেতু পূর্বপারে যানজট থাকলেও পশ্চিমে এসেই স্বাভাবিক গতিতে চলছে গাড়িগুলো।
বুধবার (২৭ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৬ হাজার ২৩৯টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।
এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ৩৬ হাজার ৪২৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৮১৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।
সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যানবাহনের চাপ সামলাতে নিয়মিত ১৪টি বুথের সঙ্গে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে।
এদিকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গণপরিবহন ছাড়াও ট্রাক, পিকআপ, মোটর সাইকেলযোগে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ। বিপুল সংখ্যক যানবাহন চলাচল করলেও যমুনা সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগেঞ্জের কোনো রুটে যানজট ছিল না।


