শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরা-নড়াইল রুটে বাস চলাচলের শুভ উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান

মাগুরা ও নড়াইল জেলার মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও সহজতর ও গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নতুন বাস সার্ভিস চলাচলের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২০ জুন) সকালে মাগুরা শহরের ঢাকা রোডস্থ চাউলিয়া বাস স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রুটে বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা বাস মালিক সমিতির সভাপতি মীর আবু সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “মাগুরা ও নড়াইলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এই রুটে বাস চলাচল শুরু হলো। এটি অত্র এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাইলফলক। এর ফলে যাত্রী সাধারণের যাতায়াতে সময় ও ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বাস মালিক সমিতির দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক মীর মোস্তাফিজুর রহমান মোস্তাক।এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতৃবৃন্দ, পরিবহন খাতের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নতুন এই বাস সার্ভিসের কার্যক্রমকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন রুটে বাস চলাচলের সাফল্য কামনা করা হয়। নতুন এই বাস সার্ভিস চালু হওয়ায় স্থানীয় যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন