মাগুরা জেলা শহর ও মহম্মদপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালের দিকে এ দুটি ঘটনা ঘটে।সকাল ১১টার দিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এলাকায় একটি মোটরসাইকেলের তালা খোলার সময় চোরকে হাতেনাতে ধরে ফেলে মালিক। আটককৃত যুবকের নাম আলামিন (২৫), সে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের দায়পাড়া এলাকার বাসিন্দা। মোটরসাইকেল চুরির চেষ্টা দেখে মালিক চিৎকার দিলে স্থানীয় জনতা জড়ো হয়ে তাকে আটক করে উত্তম-মাধ্যম দেয়। পরে খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।অন্যদিকে, আজ সকালেই মহম্মদপুর উপজেলার ইসলামী ব্যাংকের সামনে একই কায়দায় চুরির চেষ্টাকালে হাসু নামে আরেক যুবক ধরা পড়ে। সে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চর পাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে। ব্যাংকের সামনে রাখা একটি মোটরসাইকেলের তালা খোলার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা তাকে চ্যালেঞ্জ করে এবং হাতেনাতে ধরে ফেলে। পরে তাকেও পুলিশে সোপর্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত দুই যুবকই বর্তমানে সংশ্লিষ্ট থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলায় হঠাৎ মোটরসাইকেল চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


