বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মতলব দক্ষিণে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মতলব পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কেএম ইশমাম বলেন, “গাছ মানুষের পরম বন্ধু। গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।”
তিনি আরও জানান, সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে মতলব পৌরসভা এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে প্রায় ২০ হাজার গাছের চারা রোপণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে অন্তত ২০০টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিংকনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
উপস্থিত বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার আহ্বান জানান। তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী কয়েক মাসের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন