অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বড়পর্দায় নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। ভয়ংকর সুন্দরের পর একের পর এক নতুন চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন তিনি। সম্প্রতি আসিফ ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস–এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়িয়েছেন ভাবনা।
সম্প্রতি ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। ভাবনা জানান, আন্তর্জাতিক মঞ্চে নিজের চলচ্চিত্র নিয়ে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। একই সঙ্গে দেশের সংস্কৃতিকে তুলে ধরতে উৎসবে বেনারসি শাড়ি পরেছিলেন বলেও উল্লেখ করেন।
এদিকে, নগরজীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ঢাকা ১২০৫। সিনেমাটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। এতে ভাবনার বিপরীতে অভিনয় করছেন নবাগত রাকিব হোসেন।
চলচ্চিত্রটি প্রসঙ্গে ভাবনা জানান, সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন একটি গান ও কিছু ডাবিংয়ের কাজ বাকি রয়েছে। খুব শিগগিরই দর্শকদের সামনে সিনেমাটি আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। সিনেমাটিতে ঢাকার নগরজীবনের অচেনা বাস্তবতা, সম্পর্ক, আবেগ ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।
নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, ভাবনা ও রাকিবের রসায়ন সিনেমাটির অন্যতম আকর্ষণ হবে। একই সঙ্গে তিনি ভাবনার অভিনয়ের প্রতি নিবেদন ও পরিশ্রমেরও প্রশংসা করেন।
উল্লেখ্য, এর আগে ওয়ালিদ আহমেদের নির্মিত বিভিন্ন চলচ্চিত্র আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। তাঁর ঝুলিতে রয়েছে রাজ কাপুর অ্যাওয়ার্ড ও গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালসহ একাধিক সম্মাননা।


