কুড়িগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি আলোচনায় উঠে আসা সহজ-সরল তরুণ তাইজুল ইসলাম তাজুকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি খোঁজ নিয়ে জানা গেছে, তার নামে খোলা ১ মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যা স্থানীয়দের মধ্যে বিস্ময় ও উদ্বেগের সৃষ্টি করেছে।
হঠাৎ জনপ্রিয়তা পাওয়া তাজুর জীবনে এই খ্যাতি যেমন এনে দেয় পরিচিতি, তেমনি তৈরি করে নানা চাপ ও বিব্রতকর পরিস্থিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অতিরিক্ত আলোচনা, সমালোচনা এবং বিভিন্ন কনটেন্ট তৈরির প্রবণতা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের দাবি, কিছু ভিউ-নির্ভর কনটেন্ট ক্রিয়েটর তাজুর সরলতাকে পুঁজি করে তাকে ঘিরে নানা ধরনের কনটেন্ট তৈরি করেছেন, যা শেষ পর্যন্ত তার জন্য ক্ষতির কারণ হয়ে থাকতে পারে। এ ঘটনায় দায় এড়াতে পারেন না সংশ্লিষ্টরা—এমন মন্তব্যও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।
একজন সাধারণ মানুষ হঠাৎ আলোচনায় এলে তাকে ঘিরে সামাজিক দায়বদ্ধতা কতটা থাকা উচিত—এই প্রশ্নও নতুন করে সামনে এসেছে। এদিকে তাজুর পেজটি গায়েব হওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে নানা জল্পনা-কল্পনা।
তাজুর বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাকে সহমর্মিতা দেখানোর পাশাপাশি তার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন স্থানীয়রা।


