সাংবাদিকদের পেশাগত দক্ষতা, ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৬টায় বোয়ালমারী পৌর শহরের হোটেল মেজবানী অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. রোকনুজ্জামান মিয়া (বকুল)। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম মিয়া (রাসেল) এবং সঞ্চালনায় ছিলেন মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সমসাময়িক জাতীয় ও স্থানীয় বিভিন্ন বিষয়, সাংবাদিকতার দায়িত্ব, পেশাগত নৈতিকতা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, বরং সত্য, ন্যায় ও মানবকল্যাণ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। গুজব ও অপপ্রচার প্রতিরোধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে নির্ভীক সাংবাদিকতা নিশ্চিত করতে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত সদস্যরা পারস্পরিক সহযোগিতা, পেশাগত নৈতিকতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ ধারণ করে প্রেসক্লাবকে একটি শক্তিশালী, জনমুখী ও আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।