বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, যাদেরকে বাংলাদেশের মানুষ ‘গুপ্ত’ হিসেবে চেনে, তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল তৈরি করছে এবং নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এসব অপকর্মের মাধ্যমে তারা মানুষের ভোটকে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে।
বুধবার দুপুরে বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১২টায় হেলিকপ্টারে করে তিনি বরিশাল স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে গাড়িযোগে বেলস পার্কের জনসভাস্থলে যান। বেলা ১২টা ২৭ মিনিটে তিনি মঞ্চে ওঠেন। এ সময় সড়কের দুই পাশে বিএনপির নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।
তারেক রহমান আরও বলেন, “মা-বোনদের অপমান করার পর তারা বলে, তারা নাকি এসব করেনি। আবার কখনো দাবি করে, তাদের আইডি হ্যাক হয়েছিল। অথচ বিশেষজ্ঞরা বলছেন, তাদের আইডি হ্যাক হয়নি। ধরা পড়ার পর তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে।”
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার চেয়ারম্যান হিসেবে বরিশালে আসেন। ২০০৬ সালে তিনি বরিশাল জিলা স্কুল মাঠে জনসভা করেছিলেন।