জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
জামালপুর ৩৫ বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা ১০৮৭ নম্বর সীমান্ত পিলারের কাছে সোমনাথপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মদের কোনো মালিককে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, একই রাতে সাড়ে মোল্লারচর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বেহুলারচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
বিজিবি জানায়, উদ্ধার করা ভারতীয় মদের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে ৩৫ বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।


