বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পৌনে চার কোটির গরুর হাট ইজারা পেলেন সোয়া কোটি টাকায়,ডিবি হারুনের ক্যাশিয়ার

ডিএমপি’র সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ এর ক্যাশিয়ার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান মোকাররম সর্দার আবারও আলোচনায় এসেছেন।
জেলার সবচেয়ে বড় গরুর হাট হিসেবে পরিচিত নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের গুপি রায়ের হাটের ইজারা নিয়ে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।
জানা গেছে, ২০২৪ সালের ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মোকাররম সর্দার চেয়ারম্যান নির্বাচিত হন।স্থানীয়দের অভিযোগ, সে সময় ডিবি প্রধান হারুন অর রশীদের প্রভাব ব্যবহার করে নির্বাচনে জয় নিশ্চিত করা হয়েছিল।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন বেকায়দায় পড়লেও পরে তিনি আবার সক্রিয় হয়ে ওঠেন। বর্তমানে নিজেকে বিএনপি ঘরানার প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও স্থানীয়দের দাবি।
এবার তিনি আলোচনায় এসেছেন গুপি রায়ের হাটের ইজারা নিয়ে। বিগত ১৪৩২ বঙ্গাব্দে হাটটির ইজারামূল্য ছিল ৩ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা। অথচ চলতি ১৪৩৩ বঙ্গাব্দে একই হাটের ইজারা দেওয়া হয়েছে মাত্র ১ কোটি ২৫ লাখ টাকায়। অর্থাৎ গত বছরের তুলনায় প্রায় আড়াই কোটিরও বেশি কম টাকায় হাটটির ইজারা পেয়েছেন মোকাররম সর্দার।
স্থানীয়দের ভাষ্য, প্রতি বুধবার বসা গুপি রায়ের হাটটি ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই দ্রুত জেলার অন্যতম বড় পশুর হাটে পরিণত হয়। বিভিন্ন জেলা-উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে আসেন। ফলে স্বাভাবিকভাবেই চলতি বছরে ইজারামূল্য আরও বাড়বে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অনেক কম মূল্যে হাটটি ইজারা দেওয়া হয়।
এ ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণত প্রতি বছর ইজারামূল্য বৃদ্ধি পেলেও এই হাটের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। প্রকৃত সম্ভাব্য আয় গোপন করে প্রভাবশালী মহলের সহায়তায় কম মূল্যে ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া তিনবার দরপত্র আহ্বানের বিধান থাকলেও প্রথম বিজ্ঞপ্তিতেই ইজারাদার নির্বাচন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি। তিনি বলেন,বিধি অনুযায়ী সর্বোচ্চ দরদাতাকেই ইজারা দেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে হাটটির ইজারামূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা। গত বছরের ইজারা ছিল ব্যতিক্রম। এত বেশি মূল্যে এবার কেউ আগ্রহ দেখাননি। সর্বোচ্চ দরদাতার সব ধরনের যোগ্যতা থাকায় তাকে ইজারা দিতে হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন