নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণবাজারে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা খুব বেশি ছিল এবং অল্প সময়ের মধ্যে তা আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফল দোকান, মুদি দোকান, কোল্ড কর্নার, ওষুধের দোকান, ভাঙ্গারি দোকানসহ ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তারা দাবি করেন, এ ঘটনায় তাদের জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে গেছে।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির তার এক ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ী ও পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সকলকে সচেতনতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রুবেল মিয়া বলেন, অগ্নিকাণ্ডে ২০জন মালিকের ২৪টি সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।


