“নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬” এর বিভাগীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতায় চাঁদপুর জেলার হয়ে অংশ নিয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে মতলব দক্ষিণ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী।
শনিবার কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় দাবা প্রতিযোগিতায় বালক বিভাগে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তামজিদ ইকরাম পূর্ণ ৫ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। একই প্রতিযোগিতায় বালিকা বিভাগে উম্মে আজিজা আলিহা ৪ পয়েন্ট পেয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব করে বিভাগীয় পর্যায়ে এই অসাধারণ সাফল্য অর্জনের মাধ্যমে কেএফটি কলেজিয়েট স্কুল আবারও জেলার ক্রীড়াঙ্গনে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। শিক্ষার্থীদের এমন অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
এ সাফল্যে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার জনাব কে এম ইশমাম বিজয়ী শিক্ষার্থী এবং তাদের কোচ আবদুল হান্নান অপুকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,
“মতলব দক্ষিণ উপজেলার শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, ক্রীড়া ও সৃজনশীল প্রতিযোগিতাতেও নিজেদের মেধার স্বাক্ষর রাখছে। এই অর্জন পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও তারা আরও বড় বড় সাফল্য বয়ে আনবে বলে আমি আশাবাদী।”
কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন কামাল বলেন,
“আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তাদের কঠোর পরিশ্রম, কোচের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা আশা করি, তারা জাতীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখবে।”
এদিকে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় দুই শিক্ষার্থী তামজিদ ইকরাম ও উম্মে আজিজা আলিহাকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


