সুনামগঞ্জের ধর্মপাশায় মাদকের বিস্তার রোধে পরিচালিত এক মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা মধ্যপাড়া গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে মো. সুহেল মিয়া (৪৩), একই গ্রামের আব্দুল বারিকের ছেলে করম আলী ভুট্টো (৪৫) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত হারুন রশিদের ছেলে মো. জয় মিয়া (২৩)।
অভিযান সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। এসময় গাঁজা সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ভুমি অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ ( তিনমত) টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষ বলেন, মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সমাজ থেকে মাদক নির্মূলে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সন্তানদের প্রতি নজর রাখা এবং আশেপাশে কোনো সন্দেহজনক কার্যক্রম দেখলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের রাতেই যথাযথ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


