দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী
দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসায় দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯আগস্ট) সকাল ১০ টায় অত্র মাদ্রাসা হলরুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি মো.মহিদুুল ইসলাম। এসময় অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যবৃন্দ, মাদ্রাসার উপাধ্যক্ষ মো. রশিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রভাষক, সহকারী শিক্ষক, কর্মচারী, দাখিল ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশে দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি নিশ্চিত করা, আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও নিয়মিত মাদ্রাসায় উপস্থিতির বিষয়েও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন এবং দাখিল পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


