দিনাজপুর জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং টেকসই অগ্রগতির লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এ সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান সরকারি প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আখতারুজ্জামান মিয়া।
সভায় বক্তারা জেলার আধুনিক অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষিখাতের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে চলমান প্রকল্পগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উন্নয়নমুখী এই সভায় দিনাজপুরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব জেলায় রূপান্তর করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।


