ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক সুবিধাবঞ্চিত ও চরম অসহায় হিন্দু বৃদ্ধার মুখে হাসি ফোটালো মানবিক সংগঠন “সমাজ সেবা ফাউন্ডেশন”। আজ উপজেলার ০৫ নং বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে গিয়ে ওই বৃদ্ধার হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও বাজারের প্যাকেট তুলে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে দিনাতিপাত করছিলেন এই বৃদ্ধা। জীবনের মৌলিক চাহিদা মেটাতে ও স্বাভাবিক জীবন যাপনে তাকে মারাত্মক হিমশিম খেতে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পরপরই “সমাজ সেবা ফাউন্ডেশন”-এর সদস্যরা তার পাশে দাঁড়ানোর দ্রুত সিদ্ধান্ত নেন। উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, রান্নার তেল, দৈনন্দিন রান্নার বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ।
ফাউন্ডেশনের উপস্থিত সদস্যরা জানান, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। এই অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যি আনন্দিত ও অনুগৃহীত। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসেন, তবে কোনো মানুষকেই অনাহারে বা কষ্টে দিন পার করতে হবে না। খাদ্য সহায়তা পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা নারীটি। তিনি অশ্রুসজল চোখে ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সদস্যদের মঙ্গল কামনায় দোয়া ও আশীর্বাদ জানান।


