বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়কের প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন

কুমিল্লা-ঢাকা যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে বিকল্প মহাসড়ক নির্মাণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী থেকে গোলাবাড়ি হয়ে আড়াইহাজার পর্যন্ত ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণের এ প্রস্তাবনা তৈরি করা হয়।

রোববার (১৭ মে) দুপুরে কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় প্রকল্পটির বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী মেহেদি হাসান।

উপস্থাপিত প্রকল্প প্রস্তাবনায় জানানো হয়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হয়ে গোলাবাড়ি দিয়ে গোমতী নদীর উত্তর পাড় ঘেঁষে সড়কটি বুড়িচংয়ের পীরযাত্রাপুর, দেবিদ্বার, কোম্পানীগঞ্জ, মেটংঘর, শলপা, শ্রীকাইল, রামচন্দ্রপুর ও রূপসদী অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গিয়ে মিলিত হবে। পরবর্তীতে আড়াইহাজার-বাঞ্ছারামপুর প্রস্তাবিত মেঘনা সেতুর মাধ্যমে কাঞ্চন ব্রিজ হয়ে সড়কটি রাজধানীর ৩০০ ফিট সড়কের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়, এ মহাসড়ক নির্মিত হলে দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর ওপর যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি কুমিল্লার উত্তরাঞ্চল ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ এলাকার জনগণ রাজধানী ঢাকার সঙ্গে সহজ ও দ্রুত যোগাযোগ সুবিধা পাবে।

এছাড়াও গৌরীপুর থেকে হোমনা হয়ে বাঞ্ছারামপুর পর্যন্ত বিকল্প সড়কের সঙ্গে পৃথক সংযোগ স্থাপনের পরিকল্পনাও প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে সম্প্রসারিত হবে। বিশেষ করে প্রস্তাবিত কসবা ইপিজেড এ সড়ক নির্মাণের সুফল পাবে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়।

প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মফিজুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টুসহ বিভিন্ন উপজেলার সহকারী প্রকৌশলীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্মপাশায় ৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও ১ জন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১১০ প্রাথমিক বিদ্যালয়

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা একটি হাওর বেষ্টিত উপজেলা।যা আয়তনের দিকে অনেক