কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
গ্রেফতারকৃত মো. আফছার (২৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বদিউর রহমানের ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, মাদক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে চলমান গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে গত ৬ জুন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আফছার পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আফছারের বিরুদ্ধে চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় ২০১৫ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদক কারবারি, চোরাকারবারি এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে তাদের নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


