গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি ও অবৈধভাবে মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযানে পাটগাতি বাজারে অবস্থিত মেসার্স কালিদাস সাহা নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী একটি মামলায় মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে পাটগাতি বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ কার্যক্রমও নিবিড়ভাবে তদারকি করা হয়।
অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। তিনি বলেন, টুঙ্গিপাড়া উপজেলায় নিয়মিতভাবে বিভিন্ন আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ীও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম জানিয়েছে, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


