জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন এবং ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আহত যোদ্ধাদের অবদানও জাতির জন্য অনুকরণীয় হয়ে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কে. এম. মামুনুর রশীদ বলেন, জুলাইয়ের বীর শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণার উৎস। তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবার ও আহতদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশেষ অতিথিরা বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তারা জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন