জয়পুরহাটে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেক কৃষকই বলছেন, বর্তমান বাজারদরে আলু বিক্রি হচ্ছে গ্যানোলা, স্টিক, মিউজিকা, ২৮০/৩০০ টাকা মন এভাবে বাজার চলতে থাকলে লোকসান গুনতে হবে।
জেলার বিভিন্ন এলাকায় মাঠ থেকে আলু উত্তোলন করে রাস্তার পাশে স্তূপ করে রাখতে দেখা গেছে। কিন্তু পাইকারি বাজারে দাম কম থাকায় কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে। কৃষকদের দাবি, বীজ, সার, সেচ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় প্রতি কেজি আলু উৎপাদনে যে ব্যয় হয়েছে, বাজারদর তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
কৃষকরা জানান, সরকারি দপ্তরের মাধ্যমে সরাসরি আলু সংগ্রহ ও হিমাগারে সংরক্ষণের কার্যকর উদ্যোগ নিলে কিছুটা স্বস্তি মিলতে পারে। তারা ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ এবং সরকারি পর্যায়ে দ্রুত আলু ক্রয়ের দাবি জানিয়েছেন।
স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন বেশি হওয়ায় সরবরাহ বেড়েছে, ফলে দাম কমে গেছে। তবে পরিস্থিতি সামাল দিতে সরকারিভাবে বাজার তদারকি, রপ্তানি বাড়ানো ও সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ জরুরি।
কৃষকদের ভাষ্য, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ক্ষতির বোঝা বইতে হবে প্রান্তিক চাষিদেরই।


