দিনাজপুরের চিরিরবন্দরে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরিদা (৩৫) ও সিরাজুল হক (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পুনট্টি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জফিরপাড়া গ্রাম থেকে তাদের হাতে-নাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত ফরিদা ও সিরাজুল হক দীর্ঘ দিন ধরেই এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক ব্যবসার অভিযোগ ছিল এবং পূর্বেও তাদের নামে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে তাদের অপকর্মের প্রতিবাদ করে আসছিল এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিল।
মঙ্গলবার দুপুরে মাদক ব্যবসার সময় এলাকাবাসী তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অভিযোগ থাকা এই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরতে পেরে স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশে সোপর্দ করেন।
চিরিরবন্দর থানা পুলিশ জানায়, এলাকাবাসীর সহায়তায় ইয়াবাসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা থাকায় পুলিশের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও সচেতন মহল এই নিয়মিত মাদক ব্যবসায়ীদের আটকের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে পুলিশের এই ধারাবাহিক কার্যক্রমে সহায়তার আশ্বাস দিয়েছেন।


