ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়, কালিগঞ্জে প্রাণ গেল ৩ বছরের শিশু তানজিমের

সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানজিম ওই গ্রামের মোশাররফ ঢালীর ছেলে।
শিশুটির পিতা মোশাররফ ঢালী জানান, সোমবার রাতে তানজিম তার মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে সাপের কামড়ে তার ঘুম ভেঙে যায় এবং সে চিৎকার ও কান্না শুরু করে। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় বিছানার পাশে একটি বিষধর কালাস সাপও দেখতে পাওয়া যায়।
নিহত শিশুটির চাচা মোস্তফা ঢালী জানান, প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কবিরাজকে বাড়িতে না পেয়ে এবং শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকির হোসেন জানান, শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনতেও কিছুটা দেরি হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তিনি বলেন, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপে কামড়ানোর পর চিকিৎসা নিতে দেরি হওয়া এবং বিভিন্ন স্থানে নেওয়ার কারণে শিশুটির অবস্থার অবনতি হয়ে থাকতে পারে।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, প্রথমে শিশুটিকে কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করা হয়। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় বুধবার ভোরে শিশুটির মৃত্যু হয়।
ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও