শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়া মানববন্ধন

কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বুলেট বৈরাগীর হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে তাঁর জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিক্ষোভের সুর ছড়িয়ে পড়েছে। এরই অংশ হিসেবে আজ সকাল ১১টায় ডুমুরিয়া ইউনিয়নের ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
উল্লেখ্য, নিহত বুলেট বৈরাগী টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সন্তান এবং ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে কুমিল্লায় কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের হাতে তিনি নিহত হন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “বুলেট আমাদের বিদ্যালয়ের গর্ব ছিল। একজন সৎ ও দক্ষ সরকারি কর্মকর্তাকে এভাবে হারানো দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার দাবি করছি।”
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আসামিদের আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন