কিশোরগঞ্জ, ২ জুলাই: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতাবাদী, সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। কিশোরগঞ্জ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম, এমপি, জেলা প্রশাসক সোহানা নাসরিন, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ, দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ নাজমুল করিম, পুলিশ সুপারের প্রতিনিধি নাজমুস সাকিব খানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং বিশিষ্ট সুধীজন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও দর্শনের বহুমাত্রিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন; তিনি গণতন্ত্র, সাম্য, মানবমর্যাদা, অসাম্প্রদায়িকতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এক অনন্য প্রেরণার উৎস। তাঁর সাহিত্য ও সংগীতে মানবমুক্তি, সম্প্রীতি এবং শোষণ-বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান আজও সমানভাবে প্রাসঙ্গিক। বক্তারা নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ, দেশপ্রেম, মানবিকতা ও সাংস্কৃতিক চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কিশোরগঞ্জের সমৃদ্ধ সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে জেলা প্রশাসনের চলমান উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। সংস্কৃতিচর্চা, সৃজনশীল কর্মকাণ্ড এবং মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে জাতীয় কবির সাম্য, মানবতা ও সম্প্রীতির চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।


