পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সড়ক দখল করে বেড়া নির্মাণের ঘটনায় চারটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। টানা প্রায় ১০ দিন ধরে চলাচলের একমাত্র পথ বন্ধ থাকায় এসব পরিবারের সদস্যরা চরম দুর্ভোগ ও মানবেতর জীবনযাপন করছেন।
ঘটনাটি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর গ্রামের এসএ ওমেদপুর মৌজার ৫২৭ দাগের ১ নম্বর খাস খতিয়ানের একটি সরকারি সড়ক নিজের রেকর্ডভুক্ত সম্পত্তি দাবি করে প্রায় ১০ দিন আগে কাঠ দিয়ে বেড়া নির্মাণ করেন হযরত আলী নামের এক ব্যক্তি।
এতে ওই সড়ক ব্যবহারকারী আবদুল খালেক মুসুল্লী, ইদ্রিস, আবুল হাসান ও আবুল কালামের পরিবারের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে তারা বাড়ি থেকে বের হতে পারছেন না, এমনকি নিত্যপ্রয়োজনীয় কাজেও পড়ছেন চরম সংকটে।
অভিযোগ রয়েছে, প্রায় দুই বছর আগে অভিযুক্ত ব্যক্তি সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ অংশ কেটে পুকুর তৈরি করেন। এরপর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাধ্য হয়ে পাশের কবরস্থানের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প পথে চলাচল করছিলেন।
তবে সোমবার ভোরে অপর এক প্রতিবেশী সামসুল হক সিকদার জাল দিয়ে সেই পথও বন্ধ করে দিলে চারটি পরিবার পুরোপুরি গৃহবন্দী হয়ে পড়ে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
এ বিষয়ে অভিযুক্ত হযরত আলী দাবি করেন, সালিস বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েই সড়কে বেড়া দেওয়া হয়েছে।
অন্যদিকে, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভুক্তভোগী পরিবারগুলো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারে।


