নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের নাগনীপাড়া মাঠে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।
কলমাকান্দা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামছুজ্জামান আসিফ।
বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন। সভাপতিত্ব করেন কলমাকান্দা ইউনিয়নের প্রশাসক সাইফুল ইসলাম।
মহড়ায় বন্যাকালে উদ্ধার, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা প্রদানের বিভিন্ন কৌশল বাস্তবভিত্তিকভাবে প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বাস্তবায়নে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


