জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে খুলনার কয়রায় র্যালি, আলোচনা সভা, মৎস্য চাষিদের সম্মাননা প্রদান ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে কয়রা সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, মৎস্যচাষী ও ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মো. আকবার হোসেন, রোকনুজ্জামান ও নিরঞ্জন মণ্ডল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে উপকূলীয় উপজেলা কয়রায় পরিকল্পিতভাবে মাছ চাষ ও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ জন্য আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষ, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


