বরিশালের উজিরপুর উপজেলায় ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগে হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডলকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা জানান, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এতে শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওই দুই শিক্ষককে এসএসসি পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
ইউএনও মোঃ আলী সুজা বলেন, “পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। তদন্তে সত্যতা পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
এদিকে একই উপজেলার মুন্সির তালুক (জল্লা) শহীদ স্মরণিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক সুশেন মন্ডলকেও পরীক্ষার প্রথম দিন (২১ এপ্রিল) অনিয়মের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কাছে সুপারিশ পাঠানো হবে।


