শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আটঘরিয়ার হাপানিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক কৃষকের গোয়ালঘরসহ ভেতরে থাকা মালামাল, ছাগল এবং হাঁস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের হাপানিয়া স্কুলপাড়া জামে মসজিদের সামনে অবস্থিত কৃষক আব্দুল মুমিনের বাড়িতে শনিবার  গভীর রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তার গোয়ালঘরে এবং ভেতরে থাকা মালামাল, ছাগল ও হাঁস-মুরগি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মুমিন জানান, রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ আগুন দেখতে পান তারা। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোয়ালঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, আগুন লাগার অল্প সময়ের মধ্যেই গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং