পাবনার আটঘরিয়া উপজেলায় খরিপ মৌসুম ২০২৫-২৬ উপলক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পাট, তিল, মুগ ও আউস ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীনসহ কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে লাভজনক কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে পাট, তিল ও মুগ চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই সহায়তা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


