পাবনার আটঘরিয়া উপজেলায় বিষধর সাপের কামড়ে আবেদ আলী বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নের আর্য্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবেদ আলী বিশ্বাস উপজেলার আর্য্যপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিন বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতের খাবার শেষে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আবেদ আলী বিশ্বাস। গভীর রাতে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ঘুমন্ত অবস্থাতেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন। পরে স্বজনরা বিষয়টি জানতে পেরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিষধর সাপের উপদ্রব নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন বলেন, “আবেদ আলী বিশ্বাস অত্যন্ত ভালো মানুষ ছিলেন। শনিবার রাত প্রায় ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরে গোড়রী কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।”
স্থানীয়রা বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


