রাজধানীর সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের আওতাধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, চলমান সংস্কার কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
সূত্র জানায়, বৈঠকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি এবং চলমান ঋণ কর্মসূচির অগ্রগতি নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন। এছাড়া অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে সরকারের উদ্যোগের বিষয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বাংলাদেশের চলমান সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


