সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা-এর চাচা, বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
বার্ধক্যজনিত কারণে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি খান সাহেব শেখ মোশাররফ হোসেনের জ্যেষ্ঠ সন্তান। পরিবার সূত্রে জানা গেছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) জোহর নামাজের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শেখ কবির হোসেনকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।


