শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাপের কামড়ে কালিগঞ্জে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, শোকাহত শ্রীকলা গ্রাম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শ্রীকলা গ্রামের বাসিন্দা শ্রী নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে নিজ বাড়ির বারান্দায় অবস্থানকালে কল্পনা রানী মল্লিককে একটি বিষধর কালাচ (কালনাগিনী) সাপ কামড় দেয়। সাপের কামড়ের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় ওঝা-বৈদ্যের মাধ্যমে সনাতন পদ্ধতিতে চিকিৎসার চেষ্টা করা হয়।
তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তার অবস্থার কোনো উন্নতি না হলে মঙ্গলবার সকালে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনদের মাঝে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে শ্রীকলা গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং