মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) হিসেবে যোগদান করেছেন ডা. বর্ণালী দাশ। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও প্রশাসনিক শাখা পরিদর্শন করেন। এ সময় চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের সার্বিক সেবার মান, জনবল পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় ডা. বর্ণালী দাশ বলেন, “সরকারের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করব। কুলাউড়ার সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা জানান, নতুন কর্মকর্তার নেতৃত্বে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদী। বিশেষ করে মাতৃস্বাস্থ্য, শিশুসেবা, জরুরি চিকিৎসা এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা মনে করছেন।
স্থানীয় সচেতন মহলও নতুন (টিএইচও)কে স্বাগত জানিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক( টিএইচও) ডা. জাকির হোসেন-এর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. বর্ণালী দাশ। তাঁর যোগদানের মাধ্যমে উপজেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় নতুন উদ্যম ও গতিশীলতা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


