পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা পৌর এলাকায় যুবদলের উদ্যোগে এক ব্যতিক্রমী মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোঃ ফারুকের নেতৃত্বে ৪ হাজার সুবিধাবঞ্চিত নারীর মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে কুয়াকাটা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে অটোভ্যানের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে শাড়ী পৌঁছে দেওয়া হয়। ফলে উপকারভোগীদের লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হয়নি; বরং তাদের দোরগোড়ায় পৌঁছে গেছে ঈদের আনন্দ।
স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে উল্লেখ করেছেন। তারা জানান, উপকূলীয় অঞ্চলের অনেক জেলে ও দিনমজুর পরিবারের পক্ষে ঈদের সময় নতুন পোশাক কেনা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে এই উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আনন্দ এনে দিয়েছে।
অনেক উপকারভোগী জানান, “ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আনন্দিত। এতে আমাদের পরিবারের ঈদটা আরও আনন্দময় হয়ে উঠবে।”
আয়োজক সূত্রে জানা যায়, পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। বাড়ি বাড়ি শাড়ী পৌঁছে দেওয়ায় কোথাও ভিড় বা বিশৃঙ্খলা দেখা যায়নি।
এ বিষয়ে সৈয়দ মোঃ ফারুক বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষ সমানভাবে উপভোগ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই পদ্ধতি অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে।
শাড়ী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক আবু বকর মোল্লা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


