মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে গণধর্ষণ এবং ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার তীব্র নিন্দনীয় ও নৃশংস ঘটনা ঘটেছে। তবে অপরাধীদের দমনে পুলিশ তাৎক্ষণিক ও প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে গণধর্ষণের পর নির্মমভাবে সেই চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই বর্বরোচিত ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর পরই শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি মিয়ার দূরদর্শী দিকনির্দেশনায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়। ওসির নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুততম সময়ের মধ্যে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পাঁচজন আসামির সব কজনকেই গ্রেফতার করতে সক্ষম হয়।এই নৃশংস ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করায় শ্রীপুর থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজ। একই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
শ্রীপুর থানা পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং নারী ও শিশুদের নিরাপত্তায় যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশি তৎপরতা সর্বদা কঠোর থাকবে।


