আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপির প্রবাসী নেতা মাওলানা হারুনুর রশীদ রাহমানী। সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও জেলা শাখার সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ রাহমানী তার প্রার্থিতার ঘোষণার মাধ্যমে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন।
নির্বাচনী প্রচারণায় মাওলানা হারুনুর রশীদ রহমানী বলেন, “নিরাপদ, সুন্দর, আধুনিক মানিকগঞ্জ—আমাদের সম্মিলিত স্বপ্ন।” এই স্লোগানকে সামনে রেখে তিনি মানিকগঞ্জবাসীর কাছে ভোট প্রার্থনা করছেন।
দীর্ঘদিন প্রবাসে থেকে দেশের জন্য কাজ করে আসা এই নেতা মানিকগঞ্জকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। তিনি জানান, পরিকল্পিত উন্নয়ন, কর্মসংস্থান সৃজন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব শহর গঠন তার মূল লক্ষ্য।
মাওলানা হারুনুর রশীদ রাহমানী মানিকগঞ্জ জেলা বিএনপির একজন পরিচিত মুখ। প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে তিনি জেলার প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।তার প্রার্থিতাকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা করছেন যে, তার অভিজ্ঞতা ও উদ্যোগ মানিকগঞ্জ পৌরসভাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
নির্বাচনী প্রচারণার শুরুতে বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন মাওলানা হারুনুর রশীদ রাহমানী। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।


