চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত ‘মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (সিজন–২)’-এর জাঁকজমকপূর্ণ ফাইনালে নোয়াখালীর পরাগ নাইট রাইডার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শাহরাস্তি উপজেলার অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। শুক্রবার (১২ জুন) বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ঘিরে পুরো মতলবজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজক সূত্রে জানা যায়, ফাইনাল ম্যাচ উপভোগ করতে প্রায় ৩০ হাজার দর্শকের সমাগম ঘটে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে নিউ হোস্টেল মাঠ ও আশপাশের এলাকা দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠের গ্যালারি ছাড়াও চারপাশের সড়ক, উঁচু ভবন ও আশপাশের বাড়ির ছাদে অবস্থান নিয়ে হাজারো ফুটবলপ্রেমী খেলা উপভোগ করেন। দর্শকদের করতালি, উল্লাস ও সমর্থনের স্লোগানে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবের হোসেন সানী, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।
খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি শেখ সোহরাব জালালী। ধারাভাষ্যে ছিলেন মো. কবির হোসেন, ফয়সাল আহমেদ ও মনিরুল ইসলাম, যারা তাদের প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে দর্শকদের বাড়তি বিনোদন দেন।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠজুড়ে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা। নির্ধারিত সময়ের লড়াই শেষে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ পরাগ নাইট রাইডার্সকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়। দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও সমন্বিত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।
খেলা দেখতে আসা স্থানীয় কলেজ গেইট এলাকার বাসিন্দা মো. আল আমিন প্রধান বলেন, “দীর্ঘদিন পর এত সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফুটবল ফাইনাল উপভোগ করলাম। এমন আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে। দর্শকদের উপস্থিতি প্রমাণ করে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা এখনও অটুট।”
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন বিজয়ী দল অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় রানার্সআপ দল পরাগ নাইট রাইডার্সকেও সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে এমন বৃহৎ ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মতলবে আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, দর্শক উপস্থিতি, প্রতিযোগিতার মান এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার দিক থেকে ‘মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (সিজন–২)’ ইতোমধ্যে জেলার অন্যতম জনপ্রিয় ফুটবল আসরে পরিণত হয়েছে। আগামী মৌসুমে আরও বড় আয়োজনের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।


