রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোলায় দাবি আদায়ে জেলা ডাক কর্মচারীদের সমাবেশ, অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন জেলা ডাক কর্মচারীরা। সভা থেকে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা ভবনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আবুল সালাম দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুদ্দোজা অহীদি। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ভোলা জেলা সভাপতি মো. ইউছুফ, সহসভাপতি মো. বজলু, সাধারণ সম্পাদক মো. বশিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাত্র ১৫০ টাকা দৈনিক পারিশ্রমিকে দায়িত্ব পালন করে আসছেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে অত্যন্ত অমানবিক। তারা দৈনিক পারিশ্রমিক তিন গুণ বৃদ্ধি এবং এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, এর আগে ডাক অধিদপ্তরের সামনে অনশন ও টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আগামী ৬ ও ৭ জুলাই সারা দেশে পূর্ণ কলম বিরতি কর্মসূচি পালন করা হবে। এরপরও দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা জানান, সারা দেশে প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় ডাকসেবা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা ন্যায্য বেতন-ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
সভা থেকে সরকারের প্রতি ইডি কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে কর্মসূচি আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন