বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ: মামা নিহত, ঢাকায় নেওয়ার পথে ভাগ্নিরও মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণে ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ফজলে রাব্বি (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তার ভাগ্নি ইশাত (১৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব ব্রিজের দক্ষিণ অংশের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বি মতলব দক্ষিণ পৌরসভার বাইশপুর বেপারী বাড়ির বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ইশাত দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. জুয়েল সচিবালয়ের একজন গাড়িচালক। পরিবারসহ ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করলেও তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর কালাইয়া এলাকায়। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয় সে।
চাঁদপুর সদর হাসপাতালে উপস্থিত নিহত রাব্বির চাচি মরিয়ম বেগম জানান, ফজলে রাব্বি তার ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অ্যাম্বুলেন্স চালক মো. জসিম বলেন, ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সড়ক বিভাগের ট্রাকচালক তাকে থামিয়ে বিষয়টি জানান। সেখানে গিয়ে তিনি মোটরসাইকেল আরোহী দুজনকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক জানান, ফজলে রাব্বিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। গুরুতর আহত ইশাতকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও পথেই তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে তারা সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।
এই হৃদয়বিদারক দুর্ঘটনায় দুই পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকায়ও গভীর শোকের ছায়া বিরাজ করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং