ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জোট সমর্থিত বেসরকারি ভাবে নির্বাচিত নবাগত সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ আব্দুর রহিম সাকি।
তিনি বলেন বিএনপি ও সহযোগী সংগঠন উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড সহ সকল স্তরের নেতাকর্মী অত্যন্ত আন্তরিক পরিশ্রম করেছেন। একইসাথে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও উপজেলার নেতাকর্মীবৃন্দ এখানে আন্তরিকভাবে শ্রম দিয়েছেন। আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করায় বাঞ্ছারামপুরের জনগণের প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমি আশা করি, জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে আমাদের রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল আগামীতেও দেশের স্বার্থের বিষয়ে ঐক্যবদ্ধ থাকবে এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।
আমি দেশবাসীর কাছে আহবান জানাই, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে আমাদের দায়িত্ব পালনে আগামী দিনেও আপনারা এই সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবেন। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, সবাইকে সাথে নিয়েই জনগণের প্রতিনিধি হিসেবে আমি আমাদের নির্বাচনী অঙ্গীকার পূরণের জন্য কাজ করে যাবো।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোনায়েদ সাকির সহধর্মীনি তাসলিমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম,ম, ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কবির হোসেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা,উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সাবেক আহ্বায়ক ভিপি মুজিব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


