ভৈরব প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুলাই প্রতিমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ সভায় ভৈরব প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের বর্তমান প্রেক্ষাপট এবং ভৈরব উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত নিরাপত্তা, প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়। সভায় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ভৈরবের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সাংবাদিকদের গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হবে। ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেলুর রহমান বলেন, একটি শক্তিশালী, দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যমই সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। তিনি ভৈরব প্রেসক্লাবকে আরও আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা বলেন, “স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করা না গেলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়। ভৈরবসহ সারাদেশে গণমাধ্যমকর্মীদের জন্য একটি সহায়ক ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি।” এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং প্রেসক্লাবের উন্নয়ন পরিকল্পনা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। পাশাপাশি ভৈরবের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ভিপি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সোহেলুর রহমান, সিনিয়র সহকারী সাধারণ সম্পাদক আলহাজ সজীব আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক মো. আরিফুল হক সুজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ এম. আর. রুবেল, পাঠাগার সম্পাদক ছিদরাতুল রশিদ পিয়াল, ক্রীড়া সম্পাদক রাকিব হোসাইন এবং নির্বাহী সদস্য সত্যজিৎ দাস ধ্রুব, মো. সুমন মোল্লা ও এহসানুল হক মিন্টুসহ কার্যকরী কমিটির সদস্যরা। মতবিনিময় সভা শেষে ভৈরবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।


