দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম ও সুন্দরা বিওপি পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৮ বোতল ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ উর জামান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।


