ফরিদগঞ্জে পুলিশের সফল অভিযান: ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের এক সফল অভিযানে অস্ত্র মামলার ১৪ বছরের জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’-কে গ্রেফতার করা হয়েছে। আজ ১৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাতে চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্-এর সার্বিক দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এএসআই মোঃ জুমায়েত হোসেন জুয়েল এবং এএসআই মাসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ টিমটি আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকায় আসামির অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে রাত অনুমান ১২:৩০ ঘটিকায় যৌথ কৌশলে ঘেরাও করে কুখ্যাত এই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কিলার মাসুদ ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আঃ হালিম ভুইয়ার ছেলে। তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় আদালতের ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় রয়েছে। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক ফরিদগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই কঠোর চিরুনি অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামিকে আগামীকাল (২০ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন