পুলিশ সুপারের নির্দেশে ডিবির স্পেশাল ড্রাইভ: নওগাঁয় ‘ভুয়া ডিবি’ সুমনসহ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তাৎক্ষণিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ‘ভুয়া ডিবি’ পরিচয়ধারী শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ সুমনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) দুপুরে এক ভুক্তভোগীর অভিযোগের পর জেলা পুলিশের একটি বিশেষ টিম নওগাঁ সদর থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ছিনতাইয়ের ঘটনা ও ভুক্তভোগীর অভিযোগ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে নওগাঁর বলিহার বাজারের এক ঔষধ ব্যবসায়ী তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে দুবলহাটি বাজারে তার ভাগিনার হাঁসের খামারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ইন্টিতলা মোড় পার হয়ে প্রায় ২০০ গজ সামনে এগোলে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার গতিরোধ করে। এরপর ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারধর ও প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পুলিশ সুপারের তাৎক্ষণিক পদক্ষেপ:
আজ আনুমানিক সাড়ে ১২টার দিকে ওই ভুক্তভোগী ব্যবসায়ী নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি অবহিত করেন। ঘটনা শুনে পুলিশ সুপার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি আমলে নেন এবং ভুক্তভোগীকে দ্রুত নিয়মিত মামলা দায়েরের পরামর্শ দেন। একই সাথে তিনি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁকে দ্রুততম সময়ের মধ্যে আসামি শনাক্ত করে গ্রেফতারের কঠোর নির্দেশনা প্রদান করেন।
ডিবির সাঁড়াশি অভিযান ও ভুয়া ডিবি গ্রেফতার:
পুলিশ সুপারের নির্দেশনার পর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মাঠে নামে। তথ্য-প্রযুক্তি ব্যবহার এবং সংগৃহীত তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করে ডিবি পুলিশের বিশেষ টিমটি নওগাঁ সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতা ও সন্ত্রাসী ‘ভুয়া ডিবি’ সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ডিবি পুলিশ জানায়, সুমন নামধারী এই সন্ত্রাসী এলাকায় নিজেকে ‘ডিবি সুমন’ নামে পরিচয় দিতো। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও প্রভাব বিস্তার করতে সে এলাকায় প্রচার করতো— সে একজন আসল ডিবি পুলিশকে মেরেছে, যার কারণে তার নাম হয়েছে ‘ডিবি সুমন’। এই ভুয়া পরিচয় ও আতঙ্কের সুযোগ নিয়ে সে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিল।
ডজনখানিক মামলার আসামি:
গ্রেফতারের পর জেলা গোয়েন্দা কার্যালয়ে সন্ত্রাসী সুমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া ডিবি সুমন গত ২ জুলাইয়ের ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করেছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমসহ বিভিন্ন থানায় দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মারামারি এবং মাদক মামলাসহ প্রায় ১০টি মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে নতুন ছিনতাইয়ের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বছরের অর্ধেক সময়ই অচল ধানুয়া কামালপুর স্থলবন্দর রাজস্ব হারাচ্ছে সরকার, কর্মহীন ৮ হাজার শ্রমিক-ব্যবসায়ী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর যেন এখন অস্তিত্ব সংকটে।