দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করা হলে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে শুনানি শেষে একজনকে ৩ মাস এবং অপর দুইজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন—
১। সাদিকুল ইসলামের ছেলে সুমন ইসলাম (২৯), নতুন বাজার — ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
২। মৃত আব্বাস আলীর ছেলে নুর আলম (৫৮) — ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
৩। শাহাবুদ্দিন সরকারের ছেলে শাহিনুর ইসলাম (৪৫) — ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


