শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনা সদর মালঞ্চি ইউনিয়নে আর্জেন্টিনা সমর্থকদের নজিরবিহীন আয়োজন, গোবিন্দপুরে ১৮০০ ফুট পতাকা প্রদর্শন

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উন্মাদনা, তখন শনিবার (২০ জুন ২০২৬) সকালে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আর্জেন্টিনা সমর্থকরা ১৮০০ ফুট দৈর্ঘ্যের বিশাল আর্জেন্টিনার পতাকা প্রদর্শন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।
নিজেদের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে গ্রামের যুবসমাজের উদ্যোগে তৈরি করা হয় এই বিশাল পতাকা। পরে পতাকাটি নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয় এবং গ্রামের প্রধান সড়কের বিভিন্ন স্থানে তা টাঙিয়ে দেওয়া হয়। এ সময় শত শত আর্জেন্টিনা সমর্থক ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে বরাবরই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দেখা যায় ভিন্নমাত্রার উচ্ছ্বাস। নিজ নিজ দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নানা আয়োজনের পাশাপাশি বড় বড় পতাকা তৈরির প্রতিযোগিতাও চলে। সেই ধারাবাহিকতায় এবার ১৮০০ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে আলোচনায় এসেছে মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আর্জেন্টিনা সমর্থকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে গ্রামের একদল তরুণ পরিকল্পনা করেন এমন একটি আয়োজনের, যা শুধু পাবনা নয়, পুরো দেশের আর্জেন্টিনা সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করবে। সেই চিন্তা থেকেই শুরু হয় বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকা তৈরির উদ্যোগ। পরে তরুণ যুব সমাজের সহযোগিতায় কাজটি বাস্তবায়ন করা হয়।
কয়েক সপ্তাহ ধরে চলে পতাকা তৈরির কাজ। এরপর পতাকার ওপর আর্জেন্টিনা দলের লোগো ও বিভিন্ন নকশা সংযোজন করা হয়। আয়োজকদের দাবি, পতাকাটি তৈরিতে কয়েক হাজার টাকা ব্যয় হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে গ্রামজুড়ে পতাকাটি প্রদর্শনের মাধ্যমে তাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটে।
আয়োজকদের অন্যতম সদস্য সাব্বির আহমেদ লিখন বলেন, “ছোটবেলা থেকেই আমরা মেসির খেলা দেখে বড় হয়েছি। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি আজও আমাদের আবেগতাড়িত করে। সেই ভালোবাসা থেকেই আমরা এত বড় পতাকা তৈরির উদ্যোগ নিয়েছি। আমরা চাই, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের শিরোপা জিতুক।”
আরেক সমর্থক সামাদ আলী বলেন, “আর্জেন্টিনাকে ভালোবেসেই আমরা ১৮০০ ফুট দৈর্ঘ্যের এই পতাকা তৈরি করেছি। আমাদের প্রত্যাশা, আর্জেন্টিনা সুন্দর ফুটবল উপহার দিয়ে আবারও বিশ্বকাপ জিতবে।”
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মেদ বলেন, “আর্জেন্টিনা সমর্থকদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা মানুষকে আনন্দ দেয় এবং সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। তবে উৎসবের এই পরিবেশ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।”
এ আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন সাব্বির আহমেদ লিখন, সামাদ আলী, আশরাফুল আলম, মালয়েশিয়া প্রবাসী সাব্বির, সৌদি প্রবাসী ইমরান, সোহেল, আরিফ, নুরুজ্জামান, হাসান, সৈয়দ, সহি, সলেমান, মামুন, রাকিব, রিয়াজ, আসাদুল, বাবু, জিহাদ ও জসিমসহ আরও অনেক আর্জেন্টিনা সমর্থক।
বর্তমানে বিশাল এই পতাকা দেখতে প্রতিদিনই মালঞ্চি ইউনিয়নের বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় করছেন। আয়োজকদের দাবি, এটি পাবনা জেলার মধ্যে অন্যতম বৃহৎ আর্জেন্টিনার পতাকা, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর